আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে ঢাকায় আটক করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।


সূত্র জানায়, আটকের পর আশরাফুল আলম শিমুলকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা গেছে, তিনি একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।


উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে গত ৩ জানুয়ারি এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আশরাফুল আলম শিমুলের বাবা খায়রুল বাকী মিয়া ১৯৮৫ সালে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন, যার ফলে উপজেলাজুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। বাবার সেই সুনাম ও নিজের ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।